প্রতিরক্ষা গোয়েন্দাদের স্বাক্ষর জাল করে মন্ত্রী সচিবদের কাছে পত্র |
|||
| প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর নাম স্বাক্ষর করে ও লেটারহেড ব্যবহার করে জালিয়াত চক্র বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করছে। আর এ কাজ করতে জালিয়াতচক্র মন্ত্রী, সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভুয়া পত্র পাঠাচ্ছে। অনুসন্ধানের মাধ্যমে এ ধরনের কয়েকটি ঘটনা জালিয়াতি ধরা পরার পর ডিজিএফআই বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে তারা। সূত্র জানায়, ডিজিএফআইয়ের ভুয়া লেটারহেড ব্যবহার করে গত বছরের ডিসেম্বরে খাদ্য মন্ত্রীর কাছে একটি গোপন প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে খাদ্য অধিদপ্তরের একটি পদে চাকরি প্রত্যাশী এবং মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী একজন প্রার্থী সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়। এই প্রতিবেদনটি নিয়ে অনুসন্ধানে করা হলে দেখা যায় যে পত্রটি জাল। ডিজিএফআইয়ের নামে আরেকটি ভুয়া পত্র পাঠানো হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে। ওই পত্রে মন্ত্রীর এপিএস সম্পর্কে গোপন প্রতিবেদন তুলে ধরা হয়। ডিজিএফআই অনুসন্ধান চালিয়ে দেখতে পায় ওই পত্রও জাল। পত্র দু’টি দেয়া হয় সশস্ত্র বাহিনীর মনোগ্রাম খচিত ভূয়া লেটারহেড এ। এ সম্পর্কে ডিজিএফআই বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে সম্প্রতি পত্র পাঠিয়ে বলেছে, ডিজিএফআইয়ের কোনো পত্রই মনোগ্রাম খচিত প্যাডে পাঠানো হয় না। সকল পত্রাদি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর করেই পাঠানো হয়। তাছাড়া স্পর্শকাতর সংস্থা হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের গোপনীয় চিঠি বা প্রতিবেদন নিজস্ব ডিআর বা বাহকের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থায় পাঠানো হয়। ডিজিএফআইয়ের কোনো চিঠি বা প্রতিবেদন সম্পর্কে যেকোনো সন্দেহ বা প্রশ্ন থাকলে সরাসরি পত্র বা প্রতিবেদন স্বাক্ষরকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
|






