নীতিমালা না মানায় পাঁচ স্টল বন্ধ |
|||
| এবার বইমেলা শুরু হওয়ার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, নীতিমালা কড়াকড়িভাবে অনুসরণ করা হবে। টাস্কফোর্স মেলার তৃতীয় দিনে স্টলে স্টলে তল্লাশি করে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল, নীতিমালা ভেঙে নেট বই এবং অননুমোদিত বই রাখা যাবে না। তার পরও অনেকেই তা আমলে নেয়নি। সপ্তাহের শেষ দিনে এসে নিয়মনীতি না মানার সাজা পেল পাঁচটি প্রতিষ্ঠান। টাস্কফোর্স বন্ধ করে দিয়েছে তাদের স্টল। গতকাল টাস্কফোর্সের সদস্যসচিব মনজুরুর রহমানের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো তল্লাশি চালানো হয়। এ সময় একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণিও সঙ্গে ছিলেন। প্রাঙ্গণের বাইরে পথের মেলার তৃপ্তি প্রকাশন, উপজাতি সংস্কৃতি কেন্দ্র, সেভ দ্য উইমেন, লিপিকা প্রকাশন ও বাঙালি ফাউন্ডেশন—এই পাঁচটি প্রতিষ্ঠানের স্টলে নেট বই এবং অননুমোদিত বই বিক্রি করায় স্টল বন্ধ করে দেওয়া হয়। কোনো কোনো স্টলে তাদের নিজস্ব কোনো প্রকাশনা ছিল না। নীতিমালা ভঙ্গের দায়ে এবারই প্রথম একুশে গ্রন্থমেলায় সাজা হিসেবে স্টল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটল। টাস্কফোর্সের সদস্যসচিব জানিয়েছেন, তাঁদের তল্লাশি অব্যাহত থাকবে। প্রকাশনার মান ভালো: ‘বইমেলার আসল রূপ তো লোকসমাগম দিয়ে বিচার করলে হবে না। বই দিয়েই বিচার করতে হবে। আসল রূপ ফিরতে আরও সপ্তাহখানেক লাগবে।’ বললেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। আরও বললেন, ‘উদ্বোধনী দিনেও এসেছিলাম। আজকে সেই এলোমেলো ভাব নেই। নতুন বইও এসেছে বেশ কিছু। তবে সপ্তাহ দুয়েক পার না হলে বইয়ের গুণগত মান সম্পর্কে বিশেষ কিছু বলা যায় না। তবে এবার প্রকাশনার মান বেশ ভালো হয়েছে।’ এবার বাংলা একাডেমী থেকে তাঁর বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় খণ্ড এবং পাঞ্জেরী থেকে শিশু-কিশোরদের উপযোগী আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীনের জীবনী আসছে। মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন চলছে নিয়মিতই। গতকাল যেসব বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছিল ইছামতী থেকে রেহেনা বেগমের নারীর ক্ষমতায়ন, জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে বিপ্লব দাসের ফুলবাড়ী কয়লাখনি ও বহুজাতিকের স্বপ্নভঙ্গ, শ্রাবণ থেকে মুনিরা মাহমুদের কবিতা আসে মেঘ আসে বৃষ্টি, অন্বেষা থেকে নাজমুল হাসানের বয়ঃসন্ধি পাঠ এবং প্রীতম থেকে সৈয়দা রশিদা বারীর ছড়ায় ছড়ায় মাছ চিনি ইত্যাদি। প্রকাশনার রেকর্ড: প্রকাশনার রেকর্ড হয়েছে এবার মেলার প্রথম সাত দিনে। তথ্যকেন্দ্রে জমা পড়া বইয়ের তালিকা অনুযায়ী, গতকাল পর্যন্ত প্রকাশিত হয়েছে ৭৯১টি বই। এর মধ্যে সবচেয়ে বেশি উপন্যাস ১৫৮টি, কবিতা ১৫১, গল্প ৮৮, প্রবন্ধ ৬৮ ও শিশুসাহিত্য ২৯টি। বাকিগুলো বিভিন্ন ধরনের বই। গত বছরের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়েছিল ৬০৬টি, ২০০৮ সালে ৫২২, ২০০৭ সালে ৩৮২ এবং ২০০৬ সালে ৪৫৪টি বই। নতুন বই: তথ্যকেন্দ্রে ৯৫টি নতুন বই জমা পড়েছে কাল। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে ছিল আগামী থেকে হাসনাত আবদুল হাইয়ের ভ্রমণকাহিনিসাতদিনের আমেরিকা, মিথুন আহমেদের কবিতা পকেটভর্তি পদ্য, মোহাম্মদ এমদাদুল ইসলামের স্মৃতিচারণা ১/১১-র একজন বন্দির কথা, অন্যপ্রকাশ থেকে এসেছে মাজহারুল ইসলাম সম্পাদিত রান্নার বই ১০১টি বিদেশী রান্না, তাম্রলিপি থেকে ফরিদুর রেজা সাগরের বৈজ্ঞানিক কল্পকাহিনি মার্কারীম্যান ও অন্যান্য গল্প, আমিরুল ইসলামের কিশোরগল্প আমি সাতটা, চারুলিপি থেকে হায়াত্ মামুদের প্রবন্ধ বাঙালির বাংলা ভাষা ইদানীং, কাকলী থেকে মুহম্মদ জাফর ইকবালের আরো একটুখানি বিজ্ঞান, অন্বেষা থেকে সারওয়ার-উল-ইসলামের কিশোর উপন্যাস ইশকুল পালিয়ে, পার্ল থেকে খন্দকার মাহমুদুল হাসানের প্রবন্ধ প্রাচীন বাংলার লুপ্ত নারী, এম আর মাহবুবের ভাষা-আন্দোলনবিষয়ক বই রাষ্ট্রভাষা আন্দোলন ও একুশের ইতিহাসে প্রথম, প্রথমা থেকে এসেছে রেজাউর রহমানের বিজ্ঞানবিষয়ক মহাবিশ্বে জীবনের সন্ধান ও হাসান ফেরদৌসের মুক্তিযুদ্ধবিষয়ক ১৯৭১: বন্ধুর মুখ শত্রুর ছায়া, ভাষাচিত্র থেকে অপলা হায়দারের উপন্যাস অজানা অপেক্ষা, আলেয়া বুক ডিপো থেকে আনু মাহ্মুদের গবেষণাগ্রন্থ নবযুগের সার্থক কবি মাইকেল মধুসূদন, ঐতিহ্য থেকে পরাগ রিছিলের কাব্য উমাচরণ কর্ম্মকার, রোদেলা থেকে যতীন সরকারের প্রবন্ধ সত্য যে কঠিন, দিব্যপ্রকাশ থেকে মো. মোশারফ হোসেনের পুরাতত্ত্ববিষয়ক পুরাকীর্তির পুরাতত্ত্ব, মিজান পাবলিশার্স থেকে আনিসুল হকের গল্প মোটকু মামার গোয়েন্দা অভিযান, পাঠসূত্র থেকে এসেছে দেবব্রত মুখোপাধ্যায়ের হরিপদ টিম সিরিজের কিশোর উপন্যাস ভুতুড়ে নবাব বাড়ি এবং ঢাকার ডাক, পারিজাত থেকে হালিম আজাদের উপন্যাস মুক্তিস্নান, ইত্যাদি থেকে ওবায়েদ আকাশের কবিতা যা কিছু সবুজ, সঙ্কেতময়, মিজান পাবলিকেশনস থেকে এম এ হামিদের তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, সিঁড়ি প্রকাশনী থেকে হাসান হাফিজের ছড়া জ্বলে নেবে জোনাকী, ঝিঙেফুল থেকে সাযযাদ কাদিরের ছোটগল্প উপকথন ফের, ইত্যাদি থেকে সাকিল আহমেদের উপন্যাস মনপুুুতুল, মীরা প্রকাশন থেকে আ ফ ম মোদাচ্ছের আলীর বারোয়ারি ছড়া, পাঠসূত্র থেকে চৌধুরী ফেরদৌসের কাব্যগ্রন্থ পাতাসুন্দরী ইত্যাদি।
|









