যমুনা ফিউচার পার্কের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা |
|||
| যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল রোববার যমুনা বিল্ডার্স লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামের বিরুদ্ধে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বাদী হয়ে মামলাটি করেন। বিচারপতি এ এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আজ সোমবার এর শুনানি হতে পারে। গতকাল মধ্যাহ্ন বিরতির পর এই আবেদন আদালতে দাখিল করেন রাজউকের কৌঁসুলি এ এফ এম মেজবাহউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ফিউচার পার্ক নিয়ে করা রিটটি হাইকোর্ট খারিজ করে রায় দেন। কিন্তু ‘হাইকোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী আপিল করা হলো’ উল্লেখ করে যমুনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম রাজউকে আপিল করেন। এর মাধ্যমে রায়কে ভুলভাবে উদ্ধৃত (মিসকোড) করা হয়েছে, যা আদালত অবমাননার শামিল। এদিকে যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙা নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে যমুনা কর্তৃপক্ষের করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। গতকাল দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। যমুনার আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে এ তথ্য জানান। রোববার শুনানি না হওয়া প্রশ্নে তিনি বলেন, বৃহস্পতিবার অনুমতি পাওয়া যায়নি, তাই গতকাল শুনানি হয়নি। মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হবে। যোগাযোগ করা হলে রাজউকের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন বলেন, চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেননি। বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। জানা যায়, গত ১৩ জানুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে অননুমোদিত অংশ অপসারণের নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ দেয়। এর আগে দুবার নোটিশ দেওয়া হয়েছিল। তবে ১৮ জানুয়ারি চূড়ান্ত নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে পার্ক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করে। এই রিট খারিজ করে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। পরদিন রাজউক যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ শুরু করে। ইতিমধ্যে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ রাজউকে ও আপিল বিভাগে আবেদন করে। এ সংক্রান্ত চিঠি হাতে আসার পর রাজউক অভিযান স্থগিত করে।
|









